সৌদি আরবের আদালতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায় সম্পর্কে বিস্তারিত জানতে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ সরকার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পুরুষ ও একজন নারী প্রবাসীর বিষয়ে তথ্য চাওয়ার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, রায়ের কপি হাতে পেলে বিষয়টি আরও স্পষ্টভাবে জানা এবং পরিস্থিতি মূল্যায়ন করা সম্ভব হবে।
এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো পোস্ট দেখে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। ভুল তথ্য ও অপতথ্য থেকেও সতর্ক থাকতে হবে।
তিনি জানান, প্রয়োজনীয় নথিপত্র পাওয়ার পর বাংলাদেশ সরকার বিষয়টি পর্যালোচনা করবে এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। এ বিষয়ে ইতোমধ্যে সৌদি আরবের কাছে তথ্য চাওয়া হয়েছে। এখন জেদ্দার উত্তরের অপেক্ষায় রয়েছে ঢাকা।
শামা ওবায়েদ বলেন, সৌদি কর্তৃপক্ষ নিয়মিত বিরতিতে দেশটিতে কারাবন্দি বাংলাদেশিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেখানে বাংলাদেশের মিশনগুলোতে পাঠায়। ওই তালিকায় এই দুই ব্যক্তির নাম রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।
সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা যেন নিরাপদে কাজ করতে পারেন, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।
সংশ্লিষ্ট পরিবারগুলোর সঙ্গে সরকার যোগাযোগ করেছে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী জানান, মন্ত্রণালয়ের কাছে এখনো বিস্তারিত তথ্য নেই। পরিবারের পক্ষ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি।
সৌদি কর্তৃপক্ষের প্রতিক্রিয়াকে ইতিবাচক উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য সৌদি আরব গুরুত্বপূর্ণ একটি গন্তব্য এবং দেশটি বাংলাদেশের রেমিট্যান্সের অন্যতম বড় উৎস।


