ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

truthexposednews
অক্টোবর ২৭, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্য নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ক্রসফায়ারের বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।

মঙ্গলবার (২৭ অক্টোবর) গণমাধ্যমকে দেয়া এক বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। রাতে তার ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইজিপি অসতর্কতাবশত এমন বক্তব্য দিয়েছেন উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটা ঠিক হয়নি, উচিত হয়নি। সরকার ক্রসফায়ার চায় না; বরং এ বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা কোনোভাবেই সহ্য করবে না। আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার।

এর আগে সোমবার দুপুরে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিকের’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, প্রয়োজনে সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে।

আইজিপি বলেন, ‘পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে। যেখানে ক্রসফায়ার যদি প্রয়োজন হয়, সরকার যদি এলাও করে, আমরা সেটাই করব।’ সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আইন ও সংবিধান অনুযায়ী চলার ওপর জোর দিয়ে তিনি আরও জানান, কোনো পুলিশ সদস্য অপরাধ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।