অধিকাংশ মানুষ যখন প্রিয়জনদের সঙ্গে খাবার ভাগ করে নিয়ে থ্যাংকসগিভিং (Thanksgiving) উদ্‌যাপন করছিলেন, তখন এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষক এই ছুটির দিনটিকে বেছে নিয়েছেন তার পরিবারকে এক ভয়াবহ সতর্কবার্তা পাঠানোর জন্য। উন্নত এআই সিস্টেমের গুরুতর ঝুঁকি নিয়ে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান ‘এমইটিআর’ (METR)-এর কারিগরি সদস্য নিকোলা জুরকোভিচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) একটি খোলা চিঠি শেয়ার করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, এআই নিয়ে তিনি বছরের পর বছর ধরে নীরবে উদ্বিগ্ন ছিলেন। তবে খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই এখন তিনি মুখ খোলার দায়বদ্ধতা অনুভব করছেন।

জুরকোভিচ লিখেছেন, “এটিই প্রথম থ্যাংকসগিভিং, যেখানে আমি নিশ্চিত নই যে আমরা আগামী থ্যাংকসগিভিং পর্যন্ত বেঁচে থাকব কি না।”

‘আমরা এআইয়ের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছি’
চিঠিতে জুরকোভিচ উল্লেখ করেছেন, এআই সিস্টেমগুলো চলতি বছরেই বেশ কিছু গুরুতর ঘটনা ঘটিয়েছে, যার মধ্যে একাধিক কোম্পানি হ্যাক করার বিষয়টিও রয়েছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি মূলত আর্থিক পর্যায়েই সীমাবদ্ধ রয়েছে। তবে আগামী বছর এআই ব্যাপক ক্ষতি এমনকি বহু মানুষের মৃত্যুর কারণ হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, তার তিনটি পথ দেখিয়েছেন তিনি: কোনো এআই নিয়ন্ত্রণ হারিয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোতে অনুপ্রবেশ করতে পারে, অসাধু ব্যক্তিরা এআই ব্যবহার করে জৈব অস্ত্র (বায়োলজিক্যাল ওয়েপন) তৈরি করতে পারে, অথবা শীর্ষ নেতারা যন্ত্রের হাতে অতিরিক্ত ক্ষমতা তুলে দিতে পারেন।

কঠোর বৈশ্বিক নীতিমালা না থাকলে জুরকোভিচ ধারণা করছেন, ২০২৭ সালের মধ্যেই এআই নিজেই নিজেকে উন্নত করতে শুরু করবে এবং সবচেয়ে বুদ্ধিমান মানুষদেরও ছাড়িয়ে যাবে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের সিস্টেম এমন সব লক্ষ্য অর্জনের পেছনে ছুটতে পারে, যা মানুষের অস্তিত্বের সাথে সাংঘর্ষিক। এআইয়ের গতিতে বড় ধরনের লাগাম টানা না হলে ২০৩০ সালের শেষ নাগাদ মানবজাতি ধ্বংস বা ক্ষমতাহীন হয়ে পড়ার সম্ভাবনাকে তিনি মুদ্রা নিক্ষেপের (কয়েন টস বা ফিফটি-ফিফটি) সাথে তুলনা করেছেন।

অপেক্ষাকৃত কাছাকাছি সময়ের কথা উল্লেখ করে তিনি অনুমান করেছেন, ২০২৭ সালের শেষে মানুষ উৎসব-ছুটি উদ্‌যাপন করতে না পারার সম্ভাবনা ৫ থেকে ২০ শতাংশ। তবে এই পরিসংখ্যানগুলো প্রতিষ্ঠিত কোনো বৈজ্ঞানিক সম্ভাবনার চেয়ে বরং তার ব্যক্তিগত মূল্যায়ন।

চাকরি, জীবনের পরিকল্পনা এবং নগদ অর্থ হাতে রাখা
মানবজাতি টিকে থাকলেও জুরকোভিচ মনে করেন, বৈশ্বিক অর্থনীতি ওলটপালট হয়ে যাবে। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, বর্তমানের অধিকাংশ চাকরি বিলুপ্ত হয়ে যেতে পারে এবং আগামী ১০ বছরের মধ্যে বিশ্বের বেশির ভাগ মানুষ বেকার হয়ে পড়বে। পড়াশোনা ও ক্যারিয়ার থেকে শুরু করে পরিবার গঠন—আগামী এক থেকে পাঁচ বছরের দৈনন্দিন সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে। তিনি আরও জানান, তার যেসব বন্ধুর ছোট সন্তান রয়েছে, তারা এই ভেবে দুশ্চিন্তা করছেন যে তাদের সন্তানেরা আদৌ প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার বয়স পর্যন্ত বেঁচে থাকবে কি না।

পরিবারের প্রতি তার পরামর্শ ছিল বেশ বাস্তবসম্মত: বাড়িতে অন্তত দুই সপ্তাহের খাবার ও পানি মজুত রাখা এবং অনলাইন ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কায় হাতে নগদ টাকা রাখা। তিনি সতর্ক করে বলেছেন, আগামী বছর কোভিড মহামারির চেয়েও অনেক বেশি বিপর্যয়কর কোনো ঘটনা ঘটতে পারে।

বৈশ্বিক নীতিমালার দাবি
জুরকোভিচ বিশ্বাস করেন, পদক্ষেপ নেওয়ার জন্য এখনো সামান্য সময় হাতে আছে। তার প্রধান সুপারিশ হলো এআই তৈরির প্রতিযোগিতা ধীর করতে কঠোর বৈশ্বিক নীতিমালা প্রণয়ন করা। যদিও হাতেগোনা কয়েকটি মার্কিন প্রতিষ্ঠান এআই উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে, তবুও তিনি ইউরোপীয় ইউনিয়নের ‘এআই অ্যাক্ট’ (EU AI Act)-এর উদাহরণ টেনে বলেন, ইউরোপ এখনো এমন নিরাপত্তার মানদণ্ড তৈরি করতে পারে যা আমেরিকান কোম্পানিগুলোও মেনে চলতে বাধ্য হয়।

তিনি সাধারণ মানুষকে বন্ধুদের সাথে এআইয়ের ঝুঁকি নিয়ে আলোচনা করতে, বৈশ্বিক আইনের জন্য রাজনীতিবিদদের কাছে দাবি জানাতে এবং এ বিষয়ে আরও জানার আহ্বান জানিয়েছেন। এছাড়া কম্পিউটার বিজ্ঞানী, প্রকৌশলী, অর্থনীতিবিদ এবং দার্শনিকদের তাদের ক্যারিয়ার ‘এআই সুরক্ষা’ (AI safety) নিয়ে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। এই কাজকে তিনি এমন এক যুদ্ধের সৈনিক হওয়ার সাথে তুলনা করেছেন, যেখানে প্রতিটি দিন জীবন-মরণের লড়াই বলে মনে হয়।

উদ্বিগ্ন শুধু তিনি একাই নন
জুরকোভিচের এই চিঠি চরমপন্থী বা অতিরঞ্জিত মনে হতে পারে এবং তিনি নিজেও আগে স্বীকার করেছেন যে তার অনেক সহকর্মীর চেয়ে তিনি ঝুঁকিগুলো বেশি দেখেন। তা সত্ত্বেও প্রযুক্তি বিশ্বের বড় বড় ব্যক্তিত্বরাও একই ধরনের সতর্কবার্তা দিচ্ছেন। থ্যাংকসগিভিংয়ের কয়েক দিন আগে এআইয়ের অন্যতম পথিকৃৎ ইয়োশুয়া বেঙ্গিও সিবিএস নিউজকে বলেন, মানবজাতি “বিশাল বিপদের দিকে ছুটে চলেছে।”

আরেক পথিকৃৎ জিওফ্রে হিন্টনও মানুষকে নিয়ন্ত্রণ করার কৌশল শেখার আগে ‘সুপারইন্টেলিজেন্স’ বা অতিবুদ্ধিমত্তা তৈরি করার বিরুদ্ধে সতর্ক করেছেন। অন্যদিকে, ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের সমর্থনপুষ্ট প্রতিষ্ঠানটির গবেষক জ্যাকুব পাচোকি এআই উন্নয়নের গতি ধীর করা এবং স্বাধীনভাবে নিরাপত্তা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অ্যানথ্রপিক-এর প্রধান নির্বাহী দারিও আমোদেই সতর্ক করেছেন যে, আগামী এক থেকে পাঁচ বছরের মধ্যে এআই প্রাথমিক পর্যায়ের (এন্ট্রি-লেভেল) অর্ধেক অফিসিয়াল বা হোয়াইট-কলার চাকরি নিশ্চিহ্ন করে দিতে পারে।