গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির প্রতিবন্ধী সন্তান তূর্য মারা গেছে। সন্তানের মৃত্যুতে কারাগারে থাকা শারমিনের জন্য প্যারোলে মুক্তির আবেদনের ইচ্ছা থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে তা সম্ভব হয়নি। পরে মাকে শেষবারের মতো দেখাতে ফ্রিজিং ভ্যানে করে তুর্যের মরদেহ কারাগারে নিয়ে যান স্বজনরা।

শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগারে একটি লাশবাহী ফ্রিজিং ভ্যানে তুর্যের মরদেহ নিয়ে যায় পরিবার। পরে ভেতরে প্রবেশ করে মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি মা শারমিন সুলতানাকে ছেলের মরদেহ দেখানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে লাশবাহী ভ্যানটি কারাগার থেকে বের হয়ে যায়।

কারাবন্দি শারমিন সুলতানা শর্মি (৪৪) ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার শাহাদাত হোসেন নিপুনের স্ত্রী। তিনি ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুন জানান, গত ৪ অক্টোবর গভীররাতে লালবাগ থানা পুলিশ বাসায় অভিযান চালিয়ে শারমিনকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

নিপুন বলেন, “আমাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে। ছেলেটি জন্ম থেকেই প্রতিবন্ধী। তূর্য জন্মের পর থেকে মায়ের হাতে খাওয়াদাওয়াসহ সবকিছু করত। শারমিন গ্রেপ্তার হওয়ার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে। ঠিকমতো খাওয়াদাওয়া ও ওষুধ খেতে না পারায় অসুস্থ হয়ে মায়ের পথ চেয়ে থেকে মারা গেছে।”

তিনি অভিযোগ করেন, আটকের আগে শারমিনের নামে কোনো মামলা ছিল না; ষড়যন্ত্র করে তাকে আটক করার পর সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে। বাধ্য হয়েই স্ত্রীকে দেখাতে মরদেহ কারাগারে নিয়ে এসেছিলেন বলে জানান তিনি।

কারাগার থেকে বের হয়ে শারমিন সুলতানার ছোট বোন শাম্মী বলেন, “আমার বোন ২০২২ সাল থেকে রাজনীতি করে না। তাকে মিথ্যা অভিযোগের মামলায় ফাঁসানো হয়েছে। সে একজন মুক্তিযোদ্ধার সন্তান। জামিন না পাওয়ায় মায়ের অভাবেই আমার ভাগনে মারা গেছে। বোনকে মাত্র ৫ মিনিট সময় দেওয়া হয়েছে সন্তানকে শেষবার দেখার জন্য।”

এ বিষয়ে গাজীপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, “বন্দি শারমিন সুলতানার ছেলের মরদেহ বেলা সাড়ে ১১টার দিকে ফ্রিজিং ভ্যানে করে কারাগারে আনা হয়। সঙ্গে পরিবারের স্বজনরাও ছিলেন। নিয়ম অনুযায়ী মরদেহ দেখার ব্যবস্থা করা হয়েছে।”