দেশের উচ্চশিক্ষাব্যবস্থাকে গতানুগতিক ধারা থেকে বের করে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে শিক্ষার্থীদের ব্যবহারিক ও কারিগরি দক্ষতা বৃদ্ধি, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা এবং ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কর্মসূচি সম্প্রসারণের পাশাপাশি বহুভাষা শিক্ষার সুযোগ তৈরির আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুর জাতীয় স্টেডিয়ামে আয়োজিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মেলন-২০২৬’-এ দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়িয়ে বেকারত্ব কমানো সম্ভব নয়। অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতায় রূপান্তর করতে হবে। এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলার বিকল্প নেই।”
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৩ শতাধিক কলেজের অধ্যক্ষদের উদ্দেশে তিনি বলেন, একজন অধ্যক্ষ কেবল একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকদর্শী এবং একাডেমিক নেতৃত্বের কেন্দ্র। ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে অধ্যক্ষদের মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা অনেকাংশে নির্ভর করে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও বর্তমান অবস্থা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, শহর ও গ্রামের সবার জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে প্রতিষ্ঠানটির অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। তবে প্রতিষ্ঠার পর কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বেড়েছে, তা এখনো প্রশ্নের ঊর্ধ্বে নয় বলে তিনি মন্তব্য করেন।