বাংলাদেশের ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যাঁরা স্বজন হারিয়েছেন, তাঁদের কাছে ভারতে শেখ হাসিনার অবস্থান নিছক রাজনৈতিক আশ্রয়ের বিষয়ের চেয়েও অনেক বেশি কিছু। কেউ আহত স্বজনের সেবা করছেন, আবার কেউ স্বজন হারানোর শোকে নিঃস্ব হয়ে পড়েছেন। বাবা-মায়েদের ঘরগুলো আজ শূন্য। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যখন ভারত থেকে বাংলাদেশিদের উদ্দেশে বক্তব্য দেন, তখন এই প্রশ্নই সামনে আসে: যাঁরা গণতন্ত্রের জন্য চড়া মূল্য দিয়েছেন, তাঁরা কেন তাঁদের ভোগান্তির জন্য যাঁকে দায়ী মনে করেন, সেই ব্যক্তিকে বিদেশ থেকে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেখবেন?

২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ধারণা করেছিল যে, ২০২৪ সালের অভ্যুত্থানে প্রায় ১,৪০০ মানুষ নিহত হতে পারেন এবং আরও কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। সংস্থাটি তৎকালীন সরকার, নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগের সহিংস অংশের দ্বারা পরিকল্পিত দমন-পীড়নের বিষয়টি চিহ্নিত করে এবং এই সিদ্ধান্তে পৌঁছায় যে, সেখানে সহিংস দমনের একটি রাষ্ট্রীয় নীতি ছিল, যা মানবতাবিরোধী সম্ভাব্য অপরাধ হিসেবে অধিকতর তদন্তের দাবি রাখে। এগুলো ছিল আন্তর্জাতিক তথ্য-অনুসন্ধানের ফলাফল, কোনো ফৌজদারি আদালতের রায় নয়।

পরবর্তী সময়ে দেশের অভ্যন্তরীণ বিচারিক প্রক্রিয়ায় ব্যক্তিগত দায়বদ্ধতার বিষয়টি দেখা হয়। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নৃশংসতায় উসকানি ও প্ররোচনা দেওয়া এবং বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী বলপ্রয়োগের নির্দেশ দেওয়াসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেন। এ ছাড়া ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ বা সর্বোচ্চ নেতৃত্বের দায়বদ্ধতার নীতির আওতায়ও তাঁকে দায়ী করা হয় এবং তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। তিনি এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। তাঁর এই অস্বীকার কোনোভাবেই ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার অধিকারকে ক্ষুণ্ণ করে না। বাংলাদেশ ভারতের কাছে তাঁকে প্রত্যর্পণের অনুরোধ জানালেও তিনি এখনো সেখানেই অবস্থান করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি ক্ষতিগ্রস্ত অর্থনীতি মেরামত এবং বছরের পর বছর ধরে চলা স্বৈরাচারী শাসনে মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হওয়া রাজনৈতিক সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে। তবুও বিদেশে অবস্থানরত হাসিনার সমর্থকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ ধরনের বার্তা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে, বিশেষ করে সেই সব পরিবারের জন্য যারা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে।

নির্বাচিত সরকার এবং এই গণতান্ত্রিক উত্তরণে প্রতিশ্রুতিবদ্ধ সব রাজনৈতিক সংগঠনেরই তা রক্ষা করার দায়িত্ব রয়েছে। ভুক্তভোগীদের নিজেদের নীতির কেন্দ্রে রেখে তথ্যভিত্তিক অবস্থান ও আইনি পদক্ষেপের মাধ্যমে তাদের যেকোনো অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার জবাব দেওয়া উচিত। কিন্তু হাসিনা ভারতে অবস্থান করায় বাংলাদেশ একা এসব উদ্বেগের সমাধান করতে পারছে না।

প্রথম আলো-কে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী সি. ক্রিস্টিন ফেয়ার বলেছিলেন যে, হাসিনা ভারতের জন্য উপকারী ছিলেন এবং নয়াদিল্লি তাঁকে হস্তান্তর করবে না। কিন্তু হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতের সিদ্ধান্ত একটি বিষয়; আর ভারতের ভূখণ্ড ব্যবহার করে তাঁকে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ অব্যাহত রাখার সুযোগ দেওয়া সম্পূর্ণ ভিন্ন আরেকটি বিষয়।

২০২৬ সালের জানুয়ারিতে নয়াদিল্লিতে একটি জনসভায় শেখ হাসিনার বক্তব্যের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন নির্বাচন বানচাল করতে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগ আনে তাঁর বিরুদ্ধে।

ফেয়ার প্রশ্ন তুলেছিলেন যে, ভারত যেখানে অতীতে দালাই লামা এবং অং সান সু চিসহ বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের সংযত থাকতে রাজি করিয়েছিল, সেখানে হাসিনাকে সংযত রাখতে নয়াদিল্লি কেন অনিচ্ছুক বলে মনে হচ্ছে। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিই এই ভিন্নতার কারণ। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এটি এই প্রশ্নই তোলে যে, প্রতিবেশীর উদ্বেগ যখন নয়াদিল্লির নিজস্ব রাজনৈতিক হিসাব-নিকাশের সঙ্গে সাংঘর্ষিক হয়, তখন তারা সেটিকে কতটা গুরুত্ব দেয়।

নয়াদিল্লির অবস্থান যে রাজনৈতিক বিবেচনা দ্বারাই প্রভাবিত হোক না কেন, বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধটি অবশ্যই এর আইনি ভিত্তির ওপর মূল্যায়ন করতে হবে। কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় স্বয়ংক্রিয়ভাবে প্রত্যর্পণকে বাধাগ্রস্ত করে না। ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে হত্যা, হত্যায় প্ররোচনা এবং এ-সংক্রান্ত বেশ কিছু অপরাধকে ‘রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম’ (political offence exception) তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের অন্যান্য ভিত্তি ও সুরক্ষা ব্যবস্থাগুলো প্রযোজ্য থাকবে।

নিরবচ্ছিন্ন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশ সরকারের স্পষ্ট করা উচিত যে, ঢাকা সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় এবং তাদের প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে একটি গুরুত্ববহ সাড়া প্রত্যাশা করে। বাংলাদেশে সহিংসতা উসকে দিতে বা এ দেশের মানুষকে হুমকি দিতে ভারতের ভূখণ্ড যাতে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করার জন্যও নয়াদিল্লিকে অনুরোধ জানানো উচিত। সুনির্দিষ্ট ঘটনাগুলো নথিভুক্ত করতে হবে এবং শান্তিপূর্ণ রাজনৈতিক মতপ্রকাশ ও সহিংসতার আহ্বানের মধ্যে স্পষ্ট পার্থক্য নির্ণয় করতে হবে।

ভারত যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন করে সাজানোর বিষয়ে আন্তরিক হয়, তবে তাদের অবশ্যই এ দেশের মানুষের গণতান্ত্রিক ম্যান্ডেটকে সম্মান জানাতে হবে এবং মানুষের ভোগান্তিকে স্বীকার করতে হবে।

একজন সাবেক স্বৈরশাসককে জবাবদিহিতা থেকে রক্ষা করা কেবল অবিশ্বাসই বাড়াবে। নিজের সরকারের অধীনে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের জবাব দিতে এবং পরবর্তী যেকোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে শেখ হাসিনাকে অবশ্যই সশরীরে বাংলাদেশে ফিরতে হবে। তাঁর এই প্রত্যাবর্তন অবশ্যই ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করবে এবং বাংলাদেশ যে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে এতটা আগ্রহী, তা ফিরিয়ে আনতে সহায়তা করবে।