ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

truthexposednews
নভেম্বর ১৫, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে রোববার (১৫ নভেম্বর) সাভার, আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১২১টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ৬৫টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ধারায় কাজ নেই, মজুরি নেই নীতি কার্যকর করার সুযোগ রয়েছে। এ ছাড়া উৎপাদন চালিয়ে যেতে না পারায় ৫৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) মালিকপক্ষ হুঁশিয়ারি দিয়েছিল, শ্রমিকদের আন্দোলনের কারণে উৎপাদন চালানো সম্ভব না হলে রোববার থেকে শ্রম আইনের ওই ধারায় কারখানা বন্ধ করে দেওয়া হতে পারে।

এদিকে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শ্রম আইনের ১৩(১) ধারায় যেসব মালিক কারখানা বন্ধ করেছিলেন, তাদের কেউ কেউ আবার কারখানা চালুর কথা ভাবছেন। শ্রমিক ফেডারেশনের নেতারাও একই ধরনের আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।

মজুরি প্রস্তাবের বিষয়ে মাহমুদ হাসান খান বলেন, সোমবার বোর্ডের কাছে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়া হবে। তবে প্রস্তাবিত মজুরির পরিমাণ জানাতে রাজি হননি তিনি।

এর আগে শনিবার বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের মাহমুদ হাসান খান বলেছিলেন, শ্রমিক অসন্তোষের মধ্যেও মালিকেরা গত ১২ থেকে ১৪ দিন কারখানা চালু রাখার চেষ্টা করেছেন। তবে উৎপাদন চালানো সম্ভব না হলে কাজ নেই, মজুরি নেই নীতিতে কারখানা বন্ধ করতে হতে পারে।

কয়েক সপ্তাহ ধরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। এসব বিক্ষোভের মধ্যে প্রায়ই সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও কারখানা বন্ধের ঘটনা ঘটছে। এতে দেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের খাতের উৎপাদন ব্যাহত হচ্ছে।

রোববার সাভার ও আশুলিয়ার বন্ধ কারখানাগুলোর ফটকে টাঙানো বিজ্ঞপ্তিতে মজুরি আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতিকে উৎপাদন বন্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাময়িক ছাঁটাই ও অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধসহ বিভিন্ন কারণে কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মস্থলে প্রবেশ করলেও কাজে যোগ দেননি। তবে তাদের কেউ কেউ পরে কাজে ফিরেছেন।

ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করার পর ন্যাচারাল ওয়াশিং প্ল্যান্ট লিমিটেডসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কারখানার বাইরে জড়ো হন।

বিক্ষোভ ঠেকাতে এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।