এটি পৃথিবীর অন্যতম দরিদ্র ও গোপনীয় একটি দেশ, যেখানে অধিকাংশ মানুষের বহির্বিশ্বের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এমনকি হাতেগোনা যেসব অভিজাত ব্যক্তির কাছে ফোন বা কম্পিউটার আছে, তাদেরও কঠোরভাবে নিয়ন্ত্রিত একটি অভ্যন্তরীণ নেটওয়ার্ক (ইন্ট্রানেট) ব্যবহার করতে হয় এবং বিদেশি টিভি শো বা সিনেমা দেখা সেখানে অপরাধ হিসেবে গণ্য হয়।
তাহলে উত্তর কোরিয়া কীভাবে বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ হ্যাকিং বাহিনীতে পরিণত হলো?
এক দশকেরও বেশি সময় আগে হলিউডের এক শীর্ষ প্রতিষ্ঠানে দুঃসাহসিক সাইবার হামলার মাধ্যমে দেশটির সাইবার বাহিনী বিশ্বে নিজেদের শক্তিশালী উপস্থিতির জানান দিয়েছিল। মার্কিন কর্মকর্তাদের মতে, গত মাসে তারা তাদের ইতিহাসের সবচেয়ে বড় চুরির ঘটনা ঘটিয়েছে—বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ ‘বাইনান্স’ (Binance) থেকে ৬০০ কোটি (৬ বিলিয়ন) ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে। এর ফলে এখন পর্যন্ত তাদের চুরি করা অর্থের পরিমাণ দাঁড়াল ১ হাজার ৩০০ কোটি (১৩ বিলিয়ন) ডলারে। অবশ্য পিয়ংইয়ং এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও এই লাভজনক চুরির অর্থ দিয়েই স্বৈরশাসক কিম জং উন তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা পূরণে অর্থায়ন করছেন।
ক্রিপ্টো-ট্রেসিং প্রতিষ্ঠান টিআরএম ল্যাবসের (TRM Labs) জ্যেষ্ঠ তদন্তকারী নিক কার্লসেন বলেন, “তারা নিজেদের এক আলাদা উচ্চতায় নিয়ে গেছে। চুরি বা নিছক অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর জন্য রাষ্ট্রীয় সাইবার-গুপ্তচরবৃত্তি ইউনিট ব্যবহার করার এমন নজির আর কারও নেই।”
উত্তর কোরিয়া সম্পর্কে তথ্য পাওয়া অত্যন্ত দুষ্কর। দেশটি থেকে পালিয়ে আসা ব্যক্তি (ডিফেক্টর), সেখানে সফর করা সাংবাদিক ও ত্রাণকর্মী এবং পিয়ংইয়ংয়ের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণকারী বিশেষজ্ঞদের কাছ থেকে সামান্য কিছু তথ্য বেরিয়ে আসে।
তবে সেই সীমিত তথ্য থেকেই একটি সুপরিকল্পিত প্রচেষ্টার চিত্র ফুটে ওঠে—যেখানে দেশের বিভিন্ন স্কুল থেকে মেধাবীদের বাছাই করে এমন এক হ্যাকার বাহিনী গড়ে তোলা হয়েছে, যারা বর্তমানে বিশ্বের অন্যতম বড় আধুনিক সাইবার হুমকি হয়ে দাঁড়িয়েছে।
কীভাবে গড়ে তোলা হয় এই হ্যাকার বাহিনী?
এর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন উত্তর কোরিয়ার শাসক রাজবংশের পূর্ববর্তী প্রজন্ম।
দক্ষিণ কোরিয়ার যুদ্ধ-পরবর্তী দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখে আশির দশকে শাসক কিম ইল সুং রাজধানী পিয়ংইয়ংয়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ স্কুল প্রতিষ্ঠা করেন। সেখানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) এবং বিদেশি ভাষা শেখানো হতো। দক্ষিণ কোরিয়ার চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটির ন্যাশনাল স্ট্র্যাটেজি ইনস্টিটিউটের পরিচালক জিন শিনের ২০১৯ সালের এক গবেষণাপত্র অনুযায়ী, স্কুলটিতে ভর্তি প্রক্রিয়া ছিল অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হতো।
সেখানে শিক্ষার্থীরা কঠোর নজরদারির মধ্যে সীমিত পরিসরে কম্পিউটার ব্যবহারের সুযোগ পেত। প্রতি বছর কম্পিউটার সায়েন্সের সেরা ১০০ শিক্ষার্থীকে উচ্চতর প্রশিক্ষণের জন্য সামরিক বিশ্ববিদ্যালয়ে পাঠানো হতো। তাদের মধ্য থেকে সবচেয়ে মেধাবীদের উন্নত প্রোগ্রামিং ও হ্যাকিং শেখার জন্য চীন বা রাশিয়ায় পাঠানো হতো। কার্লসেন এবং সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১০-এর দশকের শুরুতে যখন পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক কিছুটা উষ্ণ ছিল, তখন উদীয়মান এই হ্যাকারদের কেউ কেউ বিনিময় কর্মসূচির (এক্সচেঞ্জ প্রোগ্রাম) আওতায় যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোতেও গিয়েছিল।
শিনের প্রতিবেদনে বলা হয়েছে, এসব সুযোগ শিক্ষার্থীদের বিশ্বের বড় বড় কর্পোরেশনগুলোর ব্যবহৃত সফটওয়্যার সিস্টেম সম্পর্কে মূল্যবান তথ্য এবং অর্থনীতি ও প্রকৌশল বিষয়ে ব্যাপক জ্ঞান অর্জনে সহায়তা করেছিল।
টিআরএম ল্যাবসের তদন্তকারী কার্লসেন এই প্রক্রিয়াটিকে স্নায়ুযুদ্ধের সময়কার পূর্ব জার্মানির রাষ্ট্রীয় ক্রীড়া ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন, যেখানে ভবিষ্যতের অলিম্পিয়ান তৈরির জন্য শিশুদের শৈশব থেকেই প্রশিক্ষণ দেওয়া হতো। তিনি বলেন, “উত্তর কোরিয়া গণিতে দক্ষ শিশুদের ক্ষেত্রে ঠিক একই কাজ করেছে: তারা অল্প বয়সেই তাদের চিহ্নিত করে এবং লালন-পালন করে।”
উত্তর কোরিয়ায় ফিরে আসার পর সবচেয়ে সেরা শিক্ষার্থীদের সামরিক বাহিনীর কুখ্যাত ‘ইউনিট ১২১’-এ নিয়োগ দেওয়া হয়—যারা শাসকগোষ্ঠীর নির্দেশে বিদেশি ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সাইবার হামলা চালায়।
উত্তর কোরিয়ার কম্পিউটার সায়েন্স বিষয়ক সামরিক কলেজে পড়াশোনা করা এবং পরবর্তীতে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসা জ্যাং সে-ইয়ুল জানান, চরম দারিদ্র্যপীড়িত একটি দেশে এই পেশাটি ছিল অত্যন্ত লোভনীয়। শীর্ষস্থানীয় সদস্যরা তাদের পুরো পরিবারকে সুবিধাপ্রাপ্ত রাজধানীতে নিয়ে আসতে পারতেন এবং অভিজাত এলাকায় বড় অ্যাপার্টমেন্ট পেতেন—যা উত্তর কোরিয়ার সাধারণ গ্রামীণ মানুষের দুর্বিষহ জীবনযাত্রার চেয়ে সম্পূর্ণ আলাদা।
২০১১ সালে কিম ইল সুংয়ের নাতি কিম জং উন ক্ষমতায় আসার আগেই এই অবকাঠামো অনেকটা তৈরি হয়ে গিয়েছিল। ইউরোপে বসবাস ও পড়াশোনা করা এবং ইন্টারনেটের উত্থান সরাসরি দেখা এই তরুণ নেতাও সাইবার যুদ্ধের শক্তি ভালোভাবেই বোঝেন।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার ২০১৩ সালের এক ব্রিফিং অনুযায়ী, কিম জং উন একবার বলেছিলেন, “সাইবার যুদ্ধ হলো একটি সর্বজনীন তলোয়ার, যা পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পাশাপাশি উত্তর কোরিয়ার গণসশস্ত্র বাহিনীর নির্মম আঘাত হানার সক্ষমতা নিশ্চিত করে।”
বিভিন্ন হিসাব অনুযায়ী, ২০১৯ সালের মধ্যে কিমের এই সাইবার বাহিনী এক শক্তিশালী ফোর্সে পরিণত হয়, যাতে ১ হাজার ৮০০ থেকে ৭ হাজার পর্যন্ত হ্যাকার রয়েছে।
ছোট থেকে বৃহত্তম চুরির পথে
সেই সময়ের দিকে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করে এবং তাদের অবৈধ আয়ের পথ বন্ধ করার চেষ্টা চালায়। ঠিক তখনই বিকল্প আর্থিক ব্যবস্থা হিসেবে ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা ব্যাপকভাবে বাড়তে থাকে, যা ট্র্যাক বা নিয়ন্ত্রণ করা ছিল বেশ কঠিন।
কার্লসেনের মতে, ক্রিপ্টোকারেন্সি চুরি করা উত্তর কোরিয়ার জন্য “আশীর্বাদ” হয়ে এসেছিল—এটি এমন এক সুযোগ ছিল যা “তাদের ঠিক যখন প্রয়োজন ছিল, তখনই খুলে গিয়েছিল।”
তার ধারণা, বর্তমানে উত্তর কোরিয়ার হ্যাকাররা প্রতি বছর কয়েক লাখ না হলেও অন্তত কয়েক হাজার সাইবার চুরির চেষ্টার পেছনে জড়িত। সব হামলাই যে খুব জটিল ও উচ্চাভিলাষী তা নয়—অনেক ক্ষেত্রে তারা সাধারণ মানুষ এবং প্রযুক্তি কর্মীদের কাছ থেকে কয়েকশ ডলার চুরির মতো “সহজ ও দ্রুত” পথও বেছে নেয়।
তারা কীভাবে এটি করে?
উত্তর কোরিয়ার প্রতিটি হামলার পেছনে একটি সাধারণ সূত্র কাজ করে, আর তা হলো মানুষের ভুল। কার্লসেন বলেন, “দিনশেষে তারা এমন কোনো একজন মানুষকে লক্ষ্যবস্তু বানায় যে ভুল করে বসে।”
উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সক্ষমতার প্রথম ইঙ্গিত পাওয়া যায় ২০১৪ সালে, যখন ‘ল্যাজারাস গ্রুপ’ নামে পরিচিত হ্যাকারদের একটি দল হলিউড স্টুডিও সনি পিকচার্সে হামলা চালায়। ওই হামলায় প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সিস্টেম ধ্বংস হয়ে যায়, সংবেদনশীল ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি হয়, কর্মীরা তাদের কম্পিউটারে প্রবেশাধিকার হারান এবং অপ্রকাশিত সিনেমা ও নির্বাহীদের ইমেইল অনলাইনে ফাঁস হয়ে যায়।
সনি পিকচার্সের ওপর উত্তর কোরিয়ার ক্ষোভের কারণ ছিল: প্রতিষ্ঠানটি সেথ রোজেন এবং জেমস ফ্রাঙ্কো অভিনীত বিতর্কিত কমেডি সিনেমা ‘দ্য ইন্টারভিউ’ মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, যেখানে কিম জং উনকে হত্যার দৃশ্য দেখানো হয়েছিল।
দুই বছর পর একই হ্যাকাররা আবার ফিরে আসে—এবং এবার তাদের লক্ষ্য ছিল সরাসরি অর্থ।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাটি এর সূক্ষ্মতা, নিখুঁত পরিকল্পনা এবং বিশালত্বের কারণে বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল। একটি ফিশিং ইমেইলের মাধ্যমে দক্ষিণ এশিয়ার এই দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সিস্টেমে প্রবেশ করে হ্যাকাররা ছুটির দিনে এশিয়ার বিভিন্ন অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের ভুয়া আদেশ পাঠিয়ে প্রায় ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার চুরির পরিকল্পনা করেছিল।
কাকতালীয়ভাবে, ভুয়া আদেশগুলোর একটি নির্দিষ্ট শব্দের কারণে সতর্কসংকেত বেজে ওঠে এবং পরবর্তী লেনদেনগুলো বন্ধ হয়ে যায়—তবে তার আগেই হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ (৮১ মিলিয়ন) ডলার হাতিয়ে নিয়ে পালিয়ে যায়।
এই কৌশলটি ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ নামে পরিচিত—যার মধ্যে ফিশিং ইমেইল থেকে শুরু করে ডিপফেক ফোন কল এবং ছদ্মবেশ ধারণ অন্তর্ভুক্ত। এর মূল লক্ষ্য হলো টার্গেট করা কোম্পানির ভেতরের কাউকে ভুল করানো এবং আক্রমণকারীদের জন্য দরজা খুলে দেওয়া।
ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইনান্স গত অক্টোবরে জানায়, তাদের প্রতিষ্ঠানে হ্যাকিংয়ের ঘটনায় এক কর্মীকে ভুয়া চাকরির ইন্টারভিউয়ের ফাঁদে ফেলা হয়েছিল এবং আরেক কর্মী অসাবধানতাবশত লুকানো ম্যালওয়্যার ডাউনলোড করেছিলেন। টিআরএম ল্যাবসের মতে, এরপর হ্যাকাররা বাইনান্সের ডিজিটাল ওয়ালেটে ঢুকে মাত্র ২০ মিনিটের মধ্যে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ সরিয়ে নেয়।
কিন্তু এরপর প্রশ্ন আসে, এই ক্রিপ্টোকারেন্সিকে কীভাবে নগদ অর্থে রূপান্তর করা হয়,
যা উত্তর কোরিয়া স্বাধীনভাবে ব্যবহার করতে পারে?
উদাহরণস্বরূপ, ২০২৫ সালে ক্রিপ্টো প্ল্যাটফর্ম ‘বাইবিট’ (Bybit)-এ হামলার সময় হ্যাকাররা ১৫০ কোটি (১.৫ বিলিয়ন) ডলারের ইথেরিয়াম টোকেন চুরি করেছিল। এরপর তারা ‘ব্রিজ’ ব্যবহার করে সব ক্রিপ্টোকে বিটকয়েনে রূপান্তর করে—যা তহবিল লুকানোর প্রয়োজনীয় টুল সরবরাহ করে এবং হ্যাকারদের বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের মতো তারল্য (লিকুইডিটি) রাখে।
এরপর শুরু হয় অর্থ পাচারের (মানি লন্ডারিং) এক জটিল প্রক্রিয়া, যেখানে হ্যাকাররা বারবার বিভিন্ন ব্লকচেইনের মাধ্যমে তহবিল স্থানান্তর করে এবং অর্থের উৎস আরও গোপন করতে ‘মিক্সার’ ব্যবহার করে—যা তদন্তকারীদের চেয়ে মাত্র কয়েক ঘণ্টা এগিয়ে থাকার কৌশল।
যথেষ্ট সময় হাতে পেলেই তারা অর্থ হস্তান্তর করে। হ্যাকাররা চুরি করা ক্রিপ্টোকে ইউএসডিটি (USDT)-তে রূপান্তর করে—যা একটি ‘স্টেবলকয়েন’ এবং প্রকৃত মুদ্রার (এক্ষেত্রে মার্কিন ডলার) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় এর মূল্য ওঠানামা করে না। কার্লসেন জানান, এরপর এগুলো অবৈধ চীনা ব্রোকারদের কাছে বিক্রি করা হয় এবং উত্তর কোরিয়ানরা এর বিনিময়ে “চীনা ব্যাংক ডিপোজিট, ইউনিয়ন পে কার্ড বা নগদ অর্থ পায়, যা তারা পরবর্তীতে নিজেদের মানি লন্ডারিং নেটওয়ার্কের মাধ্যমে সরিয়ে নেয়।”
চীন ২০২১ সালে সব ধরনের ক্রিপ্টোকারেন্সি লেনদেন ও মাইনিং নিষিদ্ধ করেছিল। তা সত্ত্বেও অবৈধ ক্রিপ্টো কার্যক্রম অব্যাহত রয়েছে এবং কর্তৃপক্ষ এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে। ২০২৫ সালে চীনের কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করেছিল যে ভার্চুয়াল মুদ্রা ও স্টেবলকয়েন মানি লন্ডারিং এবং সীমান্তপারের অর্থ স্থানান্তরের মতো অবৈধ কাজে ব্যবহৃত হতে পারে, যদিও তারা উত্তর কোরিয়ার নাম উল্লেখ করেনি। এ বিষয়ে মন্তব্যের জন্য সিএনএন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।
টিআরএম ল্যাবসের মতে, বাইনান্স থেকে চুরি হওয়া অর্থের ক্ষেত্রেও এখন একই ধরনের প্রক্রিয়া চলছে, যেখানে হ্যাকাররা অর্থ পাচারের নতুন রুট ও কৌশল ব্যবহার করছে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।
তবে এটি শতভাগ নিখুঁত অপরাধ নয়: কার্লসেনের অনুমান অনুযায়ী, ডজনখানেক লেনদেন ও রূপান্তর এবং সরকারি সংস্থা বা ক্রিপ্টো প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে কিছু তহবিল জব্দ হওয়ার পর, উত্তর কোরিয়া শেষ পর্যন্ত মূল চুরি করা অর্থের প্রায় ৭৫ থেকে ৮৫ শতাংশ হাতে পায়।
পারমাণবিক অস্ত্রে অর্থায়ন
উত্তর কোরিয়ার শাসকগোষ্ঠীর জন্য ক্রিপ্টোকারেন্সি চুরি রাজস্ব আয়ের এক অত্যন্ত প্রয়োজনীয় উৎস এবং দীর্ঘদিন ধরে তাদের অর্থনীতিকে চেপে ধরা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানোর একটি মাধ্যম।
জাতিসংঘ নিযুক্ত বিশেষজ্ঞ প্যানেলের ২০২৪ সালের এক প্রতিবেদনে অনুমান করা হয়েছে, উত্তর কোরিয়ার বৈদেশিক মুদ্রা আয়ের অর্ধেকই আসে সাইবার অপারেশন থেকে। কার্লসেন বলেন, এই আয় দিয়ে পেট্রোলিয়াম এবং চীনে প্রায়ই বিক্রি করা নকল সিগারেটের কাঁচামালের মতো পণ্য কেনা হতে পারে।
তবে শাসকগোষ্ঠীর আরেকটি বড় অগ্রাধিকার হলো তাদের অস্ত্র কর্মসূচিতে অর্থায়ন করা। ওই প্রতিবেদনে জাতিসংঘের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সদস্য রাষ্ট্র জানিয়েছে, উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্রের ৪০ শতাংশই “অবৈধ সাইবার মাধ্যম থেকে প্রাপ্ত অর্থে পরিচালিত হয়।”
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ডিটেক্স (DTEX)-এর গবেষক মাইকেল বার্নহার্ট বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “উত্তর কোরিয়া রাশিয়ায় সৈন্য, গোলাবারুদ এবং অস্ত্রের যন্ত্রাংশ পাঠিয়েছে, যার সবই এই একই ব্যবস্থার মাধ্যমে অর্থায়ন করা হয়েছে। এ কারণেই ক্রিপ্টো হ্যাকিং কেবল আক্রান্ত এক্সচেঞ্জের সমস্যা নয়, বরং এটি একটি জাতীয় নিরাপত্তার বিষয়।”
জাতিসংঘের প্রতিবেদনে দেশ, ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার এবং সম্ভাব্য উত্তর কোরীয় লেনদেন শনাক্ত করতে ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মগুলোকে “উন্নত পর্যবেক্ষণ ও শনাক্তকরণ ব্যবস্থা” গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এর বাইরে এসব হামলা ঠেকাতে খুব বেশি কিছু করার নেই। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হ্যাকারদের সক্ষমতা আরও বাড়িয়ে দেওয়ায় এই হামলাগুলো ভবিষ্যতে আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। চলতি নভেম্বরের শুরুতে এফবিআই উত্তর কোরিয়ার একটি অভিযানের নতুন তথ্য প্রকাশ করেছে, যেখানে তারা ডিপফেক ছদ্মবেশ এবং ভুয়া ভিডিও মিটিং ব্যবহার করে গত ১৮ মাসে বিশ্বজুড়ে ৪০ কোটি (৪০০ মিলিয়ন) ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে।
কার্লসেন বলেন, “বাইনান্সের চেয়ে বড় কোনো ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ নেই, তাই আমার মনে হয় এটিকে ছাড়িয়ে যাওয়া কঠিন হবে। তবে আমি ভেবেছিলাম বাইবিটকেও ছাড়িয়ে যাওয়া কঠিন হবে, কিন্তু আজ আমরা এখানে এসে দাঁড়িয়েছি।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।