ঢাকাসোমবার , ২৩ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ইউএনডিপির সঙ্গে চুক্তি, ৬১ জেলার ভূমি রেকর্ড হবে ডিজিটাল

truthexposednews
নভেম্বর ২৩, ২০২৬ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

ভূমিসেবা স্বচ্ছ ও নাগরিকবান্ধব করতে ৬১ জেলার প্রায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করার চুক্তি করেছে সরকার। সোমবার (২৩ নভেম্বর) ঢাকার একটি হোটেলে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে সই করেন প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মো. পারভেজ হাসান এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস।

এ উদ্যোগের লক্ষ্য ভূমিসংক্রান্ত তথ্য নির্ভুল ও সহজলভ্য করা, প্রশাসনিক জটিলতা কমানো এবং ভূমির অধিকার সুরক্ষা জোরদার করা। হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থায় এলে নাগরিকেরা সহজে তথ্য পাবেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে পারবেন এবং ই-নামজারির আবেদন করতে পারবেন। এতে বারবার ভূমি অফিসে যেতে হবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, নির্ভুল ডিজিটাল রেকর্ড আধুনিক ভূমিসেবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, এ অংশীদারত্ব ভূমিসংক্রান্ত বিরোধ কমাতে, অনিয়ম রোধ করতে এবং নাগরিকদের ভোগান্তি ছাড়া সেবা পেতে সহায়তা করবে।

ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, রেকর্ড ভুল হলে তার ওপর গড়ে ওঠা সেবাও ত্রুটিপূর্ণ হয়। তাই শতভাগ নির্ভুল ডিজিটাল রেকর্ড নিশ্চিত করাই লক্ষ্য। ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, রেকর্ড যত নির্ভুল হবে, ভোগান্তি ও বিরোধ তত কমবে এবং রাজস্ব আদায়ে স্বচ্ছতা বাড়বে।

স্টিভেন রড্রিগেস বলেন, উন্নত ভূমি তথ্য মানে শুধু ভালো প্রশাসন নয়। এতে মানুষ সরকারি সেবা পায়, আর ব্যবসা-প্রতিষ্ঠান বিনিয়োগ করে অর্থনীতির প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, ইউএনডিপি শুধু প্রযুক্তি ও কারিগরি দক্ষতা দেবে না। মন্ত্রণালয়ের সঙ্গে চালু করা ব্যবস্থা ও প্রক্রিয়া যেন আস্থাভাজন হয়, সেটিও নিশ্চিত করতে চায় সংস্থাটি।

অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র ন্যাশনাল কনসালটেন্ট মো. আতিকুল হক প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন। স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক পারভেজ হাসান।

২০২৫ সালে প্রাক-পাইলট কার্যক্রমের মাধ্যমে এ অংশীদারত্বের যাত্রা শুরু হয়। এরপর আটটি জেলায় পাইলট কার্যক্রম চলে। দ্বিতীয় পর্যায়ে তা ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সম্প্রসারিত হয়। এ পর্যন্ত ১১ জেলার ৩৩৪টি ইউনিয়ন ভূমি অফিসের প্রায় ১ কোটি ৩৩ লাখ হোল্ডিং ও খতিয়ানের রেকর্ড ডিজিটাল করা হয়েছে। রেকর্ডের অসংগতি শনাক্তেও সহায়তা করেছে ইউএনডিপি, যা মন্ত্রণালয়ের সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার পথ সহজ করেছে।

দেশব্যাপী এ উদ্যোগে একাধিক স্তরে তথ্য যাচাই, মাঠপর্যায়ে পর্যবেক্ষণ ও ডিজিটাল পদ্ধতিতে মান নিশ্চিত করা হবে। আশা করা হচ্ছে, এতে ভূমি ব্যবস্থাপনায় সুশাসন জোরদার হবে, জালিয়াতির সুযোগ কমবে এবং নারী, প্রতিবন্ধী ব্যক্তি, প্রবাসী ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য সেবা পাওয়া সহজ হবে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।