ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলছে নিউইয়র্ক টাইমস

truthexposednews
নভেম্বর ২২, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা বর্তমান বাংলাদেশ সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে ধারাবাহিক সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস (এনওয়াইটি)। পত্রিকাটি এসব কর্মকাণ্ডকে ‘ছোট পরিসরে রাষ্ট্রবিরোধী তৎপরতা’ হিসেবে বর্ণনা করেছে।

শনিবার প্রকাশিত এবং রোববার হালনাগাদ করা প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশ অস্থির হয়ে উঠেছে। এ সময় হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এবং ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য ও সমর্থকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এসব সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিনজন সদস্য এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় নিহত একজন বাস সহকারী রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা গণপরিবহন, পুলিশ স্টেশন, একটি হাসপাতাল এবং বিএনপি সদস্যদের বাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের হামলা চালিয়েছে।

হাসিনার জন্মস্থান দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গোপালগঞ্জে সহিংসতা বিশেষভাবে তীব্র আকার ধারণ করেছে। সেখানে বিক্ষোভকারীরা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে, সরকারি সম্পত্তিতে হামলা চালিয়েছে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।

জেলার অস্থিরতার মধ্যে দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কও অবরোধ করা হয়। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে খুলে দেওয়ার আগে সড়কটি টানা ৩৬ ঘণ্টা অবরুদ্ধ ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, বিক্ষোভকারীরা অস্ত্র প্রদর্শন করেছে, পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে এবং এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করেছে।

২০২৪ সালের আগস্টে ছাত্রনেতৃত্বাধীন বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযান চালানোর পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই দমন-পীড়নে সর্বোচ্চ ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন।

২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে চালানো অভিযানসংক্রান্ত বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে এ রায় দেওয়া হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির হাসিনাকে ‘সন্ত্রাসী’ ও ‘পলাতক অপরাধী’ হিসেবে অভিহিত করে তাঁকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি সরকারের আহ্বান পুনর্ব্যক্ত করেন।

এদিকে, চলতি বছরের শুরুতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের সমালোচনা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে তারেক রহমান মন্তব্য করেন, বিক্ষোভকারীরা ‘সীমান্তের ওপার’ থেকে নির্দেশনা নিয়ে কাজ করছে।

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।