ঢাকাশনিবার , ২১ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম

truthexposednews
নভেম্বর ২১, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ, রংপুরের কৃতী সন্তান আবু সাঈদের স্মৃতি অম্লান রাখতে রংপুর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হয়েছে। একই সঙ্গে ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’-এরও উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আনুষ্ঠানিকভাবে দুটি ক্রীড়া স্থাপনার উদ্বোধন করেন।

এর আগে রংপুর জেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মীর শাহে আলম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে গিয়ে রংপুর স্টেডিয়ামের নাম তাঁর নামে নামকরণের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার বাস্তবায়নের মধ্য দিয়ে শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে নতুন দৃষ্টান্ত স্থাপিত করলো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও তাঁর দুই ভাইকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের কৃতী সন্তান আবু সাঈদ। তাঁর আত্মত্যাগ ও স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় করে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করা হলো। আমরা চাই, এই স্টেডিয়াম শুধু একটি ক্রীড়া স্থাপনা হিসেবে নয়, বরং সাহস, আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবেও পরিচিত হোক।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব। তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে প্রমাণ করেছে তারা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন। যারা বাংলাদেশকে অন্য কোনো দেশের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের সেই সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশ আর কোনো বিদেশি শক্তির তাবেদারি করবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আত্মমর্যাদাশীল ও মাথা উঁচু করে দাঁড়ানো রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, ‘দু-একটি থানা পুড়িয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা ভেবেছে, আবারও ফ্যাসিবাদী শাসন কায়েম করবে। সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না। বর্তমান সরকার মানবিক ও দায়িত্বশীল বলেই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এর অর্থ এই নয় যে, সরকার দুর্বল। গুম-খুন বিএনপির রাজনৈতিক ইতিহাসের অংশ নয়। বিগত অন্তর্বর্তী সরকার তাদের যে নিষিদ্ধ করেছিল, তাদের বর্তমান কর্মকাণ্ডেই সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণিত হচ্ছে। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার জন্য সংবিধান সংশোধন করার দরকার হলে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সেটা করবে।

রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘এই স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের খেলাধুলা আয়োজনের উপযোগী পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় উন্নয়নকাজ করা হবে। রংপুরের উন্নয়নে ইতিমধ্যে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া রংপুরসহ বৃহত্তর উত্তরাঞ্চলের অবকাঠামো ও সার্বিক উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘সারাদেশে অগ্নিসংযোগ বা সহিংসতা চলছে না। একটি নির্দিষ্ট জেলায় বিচ্ছিন্নভাবে সহিংসতার ঘটনা ঘটছে। সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে স্থানীয় বিএনপি রেজুলেশনের মাধ্যমে প্রার্থীকে সমর্থন দিতে পারবে। সে ক্ষেত্রে দলের সিদ্ধান্ত ও সমর্থনের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে স্থানীয় বিএনপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামছুজ্জামান শামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মু. মাহবুবুর রশিদ, জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার মোজাম্মেল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।