ভারত সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেয়া নিয়ে কোনও শর্তের কথা উল্লেখ করে যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, শেখ হাসিনার দেশে ফেরত ইস্যুতে বিবিসির প্রতিবেদনের কোনো ভিত্তি নেই। সংবাদে উল্লেখ করা কোনো কিছু ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়নি।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, অন্য যেকোনও আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে। শেখ হাসিনা ইস্যুর চেয়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক শর্ত দেয়া হলে সরকার তা বিবেচনা করবে। তবে গণমাধ্যমে এ বিষয়ে কী প্রকাশিত হয়েছে, সেটিকে গুরুত্ব দেয়ার কিছু নেই।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, বর্তমানে একই ধরনের কর্মকাণ্ড করছে দলটি।
উল্লেখ্য, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে শিরোনামে সম্প্রতি বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে সরকারি কর্মকর্তারা গণমাধ্যমটিকে আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুটো।
প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে, তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।
দ্বিতীয় শর্তটা হলো, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।
এই দুটো শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে।
এ রকম প্রতিবেদন যে কেউ করতে পারে দাবি করে শামা ওবায়েদ বলেন, ভারত এ রকম কোনো চাওয়ার কথা বাংলাদেশকে জানায়নি।
এদিকে, বিগত সময়ের মতো এখনো পেট্রোল বোমা চালিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে আওয়ামী লীগ, এ মন্তব্যও করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।