পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শারীরিক অবস্থার অবনতির কারণে কারাগারেই মারা যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। একই সঙ্গে নিজের ও স্ত্রী বুশরা বিবির যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে দেশের শীর্ষ বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী থাকা ইমরান খান কারাগার থেকে লেখা এক খোলা চিঠিতে এ আহ্বান জানান।
আইনজীবীর মাধ্যমে দেশটির সুপ্রিম কোর্ট, ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের কাছে পাঠানো চিঠিতে ইমরান খান অভিযোগ করেছেন, তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না।
৭৪ বছর বয়সী ইমরান খান নিজের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি আদালতের আগের বিভিন্ন আদেশ বাস্তবায়নের দাবি জানিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, ৭৪ বছর বয়সে এসে এই অসহনীয় পরিস্থিতি তাকে এমন এক অবস্থায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে তিনি হয়তো আর জীবিত ফিরে আসতে পারবেন না।
গত সপ্তাহে আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের কয়েক দিন পর তার আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন। ইমরান খান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নির্জন কারাবাস এবং অর্থপূর্ণ মানবিক যোগাযোগের অভাব তার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলেছে। তিনি তার কারাবাসের এই পরিস্থিতিকে নিষ্ঠুর ও অস্বাভাবিক বলে অভিহিত করেছেন।
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আদালতের আদেশ থাকা সত্ত্বেও কারাবন্দী স্ত্রী বুশরা বিবির সঙ্গে তার নির্ধারিত সাক্ষাৎ বাতিল করা হচ্ছে। এমনকি তাকে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগও দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, দীর্ঘদিনের নিঃসঙ্গতার কারণে তার রক্তচাপও অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। চিকিৎসকেরা তাকে জানিয়েছেন, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণ ও হার্ট অ্যাটাকের অত্যন্ত ঝুঁকিতে রয়েছেন এবং এরই মধ্যে তার হৃদপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে পাকিস্তানের কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে চোখের পরীক্ষা করানোর জন্য ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা শেষে তাকে আবার কারাগারের সেলে ফিরিয়ে আনা হয়।
এর আগে গত আগস্টে ইমরান খানের অবনতিশীল স্বাস্থ্য নিয়ে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তাকে ইসলামাবাদের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। তবে ইমরান খান বলেছেন, তাকে আবারও বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
স্ত্রী বুশরা বিবির দৃষ্টিশক্তির অবনতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান খান। দুর্নীতির একটি মামলায় দণ্ডিত হয়ে ২০২৫ সালের জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন বুশরা বিবি।
গত এপ্রিলে বুশরা বিবির চোখে রেটিনা বিচ্ছিন্ন হওয়ার সমস্যা দেখা দিলে তার অস্ত্রোপচার করা হয়। ইমরান খানের অভিযোগ, অস্ত্রোপচারের পর তাকে আবার নির্জন কারাবাসে রাখা হয়েছে। পাশাপাশি তার চিকিৎসক ও চিকিৎসাসংক্রান্ত নথিপত্র পাওয়ার অধিকারেও বাধা দেওয়া হচ্ছে।
চিঠিতে ইমরান খান লিখেছেন, তিনি কারও কাছে কোনো কৃপা চাইছেন না। ন্যায়বিচার হিসেবে তার একমাত্র আবেদন হলো, সুপ্রিম কোর্টের আদেশগুলো বাস্তবায়ন এবং তাদের দুজনের শারীরিক অবস্থার জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা।
২০২১ সালে রাষ্ট্রীয় সফরে সৌদি যুবরাজের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া একটি দামি বুলগারি গহনার সেট কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্ট তোশাখানা-২ মামলায় ইমরান খান ও তার স্ত্রীকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এ ছাড়া আরও কয়েকটি মামলায় কারাদণ্ড ভোগ করছেন ইমরান খান। তার একটি ছাড়া বাকি সব সাজা স্থগিত বা বাতিল করা হয়েছে এবং সেগুলোর আপিল বিচারাধীন রয়েছে।
ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বারবার অভিযোগ করে আসছে, তার বিরুদ্ধে চলমান আইনি কার্যক্রম রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।