
ভারতের বহুল আলোচিত বিলকিস বানু মামলায় দণ্ডিত দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করে তাদের জামিন মঞ্জুর করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালত উল্লেখ করেছেন, তারা ইতোমধ্যেই ১৭ বছরের বেশি সময় কারাগারে কাটিয়েছেন এবং তাদের আপিলে তথ্যগত ও আইনগত এমন কিছু বিষয় রয়েছে যা বিবেচনার দাবি রাখে।
গত ২৮ অক্টোবর এক আদেশে সুপ্রিম কোর্ট বিপিনচাঁদ জোশী এবং প্রদীপ মোধিয়াকে এই জামিন দেন। ২০১৭ সালের মে মাসে বোম্বে হাইকোর্টের দেওয়া একটি রায়কে চ্যালেঞ্জ করে তারা শীর্ষ আদালতে আপিল করেছিলেন, যেখানে তাদের দোষী সাব্যস্তকরণ এবং যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছিল।
জামিন মঞ্জুর করার সময় সুপ্রিম কোর্টের বেঞ্চ এই বিষয়টিও বিবেচনায় নেন যে, আবেদনকারীদের মধ্যে বিপিনচাঁদ জোশী গুরুতর শারীরিক প্রতিবন্ধী।
শুনানিকালে সরকারি আইনজীবী অপরাধের ভয়াবহতা এবং বিচারিক আদালত ও হাইকোর্টের একই ধরনের পর্যবেক্ষণের কথা উল্লেখ করে জামিন আবেদনের তীব্র বিরোধিতা করেন।
তবে দুই দণ্ডিতের আইনজীবী আদালতে যুক্তি তুলে ধরে বলেন, আবেদনকারীদের একজনের নাম প্রাথমিক এজাহারে (এফআইআর) ছিল না এবং ঘটনার প্রায় তিন বছর পর তাকে এই মামলায় জড়ানো হয়। এর আগের শুনানিগুলোতেও আসামিপক্ষের আইনজীবী জানান, ধর্ষণের অভিযোগে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে এবং স্বাস্থ্য পরীক্ষার সময় চিকিৎসকের কাছে দেওয়া বক্তব্যে ভুক্তভোগী বিলকিস বানু এই দুই আবেদনকারীর নাম উল্লেখ করেননি।
আইনজীবী আরও দাবি করেন, এই দুই ব্যক্তির বিরুদ্ধে সরাসরি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়নি; তাদের বিরুদ্ধে একমাত্র প্রমাণ ছিল যে ঘটনার সময় তারা হয়তো ওই উত্তেজিত জনতার ভিড়ে উপস্থিত ছিলেন। চলতি বছরের মার্চ মাসে এক আদেশে সুপ্রিম কোর্ট তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নোটিশ জারি করেছিলেন।
আগাম মুক্তি বাতিল ও প্রেক্ষাপট
জামিন পাওয়া এই দুই ব্যক্তি সেই ১১ জন দণ্ডিতের অন্তর্ভুক্ত, যাদের আগাম মুক্তি ২০২৪ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিলেন। গুজরাট সরকারের সাজা মওকুফের সিদ্ধান্তে তারা কারাগার থেকে বেরিয়ে এসেছিলেন। পরে বিলকিস বানু ওই সাজা মওকুফের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলে সুপ্রিম কোর্ট তা গ্রহণযোগ্য বলে রায় দেন।
তখন শীর্ষ আদালত বলেছিলেন, এই মামলায় সাজা মওকুফ করার কোনো এখতিয়ার গুজরাট সরকারের ছিল না এবং ১১ জন দণ্ডিতকেই দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন, যা তারা পালন করেছিলেন।
উল্লেখ্য, ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় বিলকিস বানু যখন দলবদ্ধ ধর্ষণের শিকার হন, তখন তার বয়স ছিল ২১ বছর এবং তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সে সময় নৃশংসভাবে তার পরিবারের সাত সদস্যকে হত্যা করা হয়, যাদের মধ্যে তার তিন বছর বয়সী মেয়েও ছিল।