আন্তর্জাতিক সংগীতাঙ্গনের জনপ্রিয় রোমানিয়ান পপতারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চ মাতাতে আসছেন। দীর্ঘ চার বছর পর আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর বিশেষ সংগীতানুষ্ঠান। ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই কনসার্ট ঘিরে ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
কনসার্টটির আয়োজন করছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ। সম্প্রতি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে অনুষ্ঠানটির তারিখ নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠানটি। একই সঙ্গে জানানো হয়েছে, আগামী দু-এক দিনের মধ্যে অনলাইনে টিকিট বিক্রি শুরু হতে পারে।
তবে টিকিট বিক্রির বিষয়টি এখনো সরকারি অনুমতির ওপর নির্ভর করছে। আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার নাঈম আশরাফ জানিয়েছেন, অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন প্রক্রিয়া চলছে। অনুমতি পাওয়া গেলেই টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে।
এর আগে গত অক্টোবর মাসে ওটিলিয়া নিজেও তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে ঢাকার কনসার্টের প্রচারণামূলক পোস্ট শেয়ার করেছিলেন। এরপর থেকেই বাংলাদেশি ভক্তদের মধ্যে তাঁর আসন্ন সফর নিয়ে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়।
রোমানিয়ান এই সংগীতশিল্পী বিশ্বজুড়ে পরিচিতি পান তাঁর জনপ্রিয় গান ‘বিলিওনেরা’র মাধ্যমে। গানটি আন্তর্জাতিক সংগীতাঙ্গনে ব্যাপক সাড়া ফেলে এবং বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা অর্জন করে। গানটির জনপ্রিয়তার কারণেই বাংলাদেশেও ওটিলিয়ার রয়েছে উল্লেখযোগ্যসংখ্যক ভক্ত। উল্লেখ্য, এর আগে ২০২২ সালে ঢাকায় এসেছিলেন এই পপতারকা। চার বছর পর আবারও বাংলাদেশের মঞ্চে তাঁর প্রত্যাবর্তন ভক্তদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।
এদিকে ইমেকার্স বাংলাদেশ এর আগে অরিজিৎ সিং ও নেহা কক্করসহ বেশ কয়েকজন জনপ্রিয় আন্তর্জাতিক শিল্পীর কনসার্ট আয়োজন করেছে। এবার তাদের আয়োজনে ঢাকায় গান শোনাবেন ওটিলিয়া।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই কনসার্ট। এখন ভক্তদের অপেক্ষা টিকিট বিক্রি শুরুর আনুষ্ঠানিক ঘোষণার।


