বাংলাদেশ ও ভারতের মধ্যে আগামী সপ্তাহে ঢাকায় কনস্যুলার সংলাপ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। দুই দেশের সুবিধাজনক সময়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
শুক্রবার (১৩ নভেম্বর) এ বিষয়ে তাঁকে প্রশ্ন করেন এক সাংবাদিক। জবাবে জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়।
তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। এসব আলোচনার মধ্যে বাণিজ্য, রেলওয়ে, পানিসম্পদসহ বিভিন্ন বিষয় রয়েছে।
বাংলাদেশ-ভারতের পরবর্তী কনস্যুলার সংলাপে ভিসাসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে জানিয়ে জয়সওয়াল বলেন, দুই পক্ষের সুবিধাজনক সময়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে। দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনার জন্য বিদ্যমান কাঠামো ও কারিগরি প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁকে নিয়ে বিবিসি বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদন সম্পর্কে জয়সওয়ালকে প্রশ্ন করেন দুই সাংবাদিক। জবাবে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য নেই এবং এ নিয়ে বলার মতো কিছু নেই।


