ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

truthexposednews
নভেম্বর ১১, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে ফিরতে চাইলে শেখ হাসিনাকে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানাতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। চিফ প্রসিকিউটর বলেন, ‘শেখ হাসিনা যদি সত্যিকার অর্থে বাংলাদেশে আসতে চান, তাহলে আমরা তাকে পরিষ্কার উপদেশ দিতে চাই। তিনি ভারত সরকারের কাছে লিখিত আবেদন করুন। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে যেন বাংলাদেশে ফেরত দেওয়া হয়, সে অনুরোধ জানান। এটিই হবে তার দেশে ফেরার সঠিক পন্থা।’

শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার আইনগত ভিত্তি ব্যাখ্যা করতে গিয়ে আমিনুল ইসলাম বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদের উল্লেখ করেন। তিনি বলেন, এ বিধান অনুযায়ী, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে নৈতিক স্খলনজনিত অপরাধে (মোরাল টারপিটিউড) দণ্ডিত হলে এবং ওই অপরাধে কমপক্ষে দুই বছরের কারাদণ্ড পেলে পাসপোর্ট কর্তৃপক্ষ তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট ইস্যু প্রত্যাখ্যান করতে পারে।

চিফ প্রসিকিউটরের ভাষ্য, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এ ধরনের অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের পর্যায়ে পড়ে। ফলে তাঁর মতো দণ্ডিত ও পলাতক আসামিকে নতুন করে পাসপোর্ট দেওয়ার আইনগত সুযোগ নেই। তিনি প্রশ্ন তুলে বলেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশ সরকার কীভাবে পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করবে? রাষ্ট্রের পক্ষ থেকে এমন একজন দণ্ডিত ব্যক্তিকে ভ্রমণ নথি দেওয়া হলে তা বিচারের সঙ্গে রাষ্ট্রের মশকরা করার শামিল হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার প্রসঙ্গ তুলে আমিনুল ইসলাম বলেন, তিনি বিচারিক কার্যক্রম এড়িয়ে গেছেন। রায় প্রকাশের পর নির্ধারিত ৩০ দিনের মধ্যে তিনি আপিল করেননি। ফলে এখন তাঁর আপিল করার আর কোনো আইনগত সুযোগ নেই বলে মনে করে প্রসিকিউশন। আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার সত্যিকার অর্থে দেশে ফেরার ইচ্ছা থাকলে বিচার চলাকালে বাংলাদেশে ফিরে এসে মামলার মোকাবিলা করতে পারতেন। এমনকি রায় প্রকাশের পর নির্ধারিত ৩০ দিনের মধ্যে দেশে এসে আপিলও করতে পারতেন। তাঁর ভাষ্য, শেখ হাসিনার বর্তমানে রায় কার্যকর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করে চিফ প্রসিকিউটর বলেন, কখনো বলা হচ্ছে, তিনি হঠাৎ বাংলাদেশে ঢুকে পড়বেন। আবার কখনো বলা হচ্ছে, পদ্মা সেতু হয়ে হাজার হাজার গাড়ি নিয়ে দেশে ফিরবেন। এসব বক্তব্যে বিভ্রান্ত হয়ে আওয়ামী লীগের কিছু কর্মী বিভিন্ন জায়গায় রাজনৈতিক অস্থিরতা তৈরির অপচেষ্টা করছেন। তাঁর অভিযোগ, শেখ হাসিনার নাম ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতা চলছে।

আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনার সত্যিকার অর্থে দেশে ফেরার সদিচ্ছা থাকলে তিনি বিচার চলাকালেই দেশে ফিরতেন এবং আদালতে নিজের অবস্থান তুলে ধরতেন। রায়ের পরও আপিলের সুযোগ কাজে লাগাতে পারতেন।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনার মধ্যেই চিফ প্রসিকিউটরের এ বক্তব্য এলো। গত ৯ নভেম্বর যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স বাংলাদেশের হাইকমিশন, নয়াদিল্লিতে ই-মেইল পাঠিয়ে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ জানায়। প্রতিষ্ঠানটির পক্ষে আইনজীবী স্টিভেন পাওলস এ চিঠি পাঠান বলে জানা গেছে।

তবে প্রতিষ্ঠানটি শেখ হাসিনার অনুমোদিত প্রতিনিধি কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। নয়াদিল্লিতে বাংলাদেশের মিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান জানিয়েছেন, চিঠির সঙ্গে শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া কোনো অনুমোদনপত্র বা প্রমাণ সংযুক্ত ছিল না। পরে ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এর আগে সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চাওয়ার খবরের সত্যতা এবং এ-সংক্রান্ত আবেদনের আইনগত ভিত্তি যাচাই করছে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়। তিনি আরও জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ভারত সরকারের কাছে কূটনৈতিক চ্যানেলে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বলেছেন, পাসপোর্টের আবেদন করে নয়, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে।

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। রায়ের আগে থেকেই তিনি ভারতে অবস্থান করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।