ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

‘এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতে ইসলামীর নেই’: শফিকুর রহমান

truthexposednews
নভেম্বর ১১, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

কোনো দেশের কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জামায়াত একটি রাজনৈতিক দল। রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে বসবে, কোনো এজেন্সির সঙ্গে বসার প্রশ্নই ওঠে না।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ৩০০ বিধির বক্তব্যের পর দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বরং যারা তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করছেন, তারাই দেশে-বিদেশে বিভিন্ন এজেন্সির সঙ্গে বসেছেন। এজেন্সির দেশে গিয়ে তাদের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেছেন। প্রকাশ্যে বলেছেন, তাদের দলের অতীতের নীতি ভুল ছিল এবং ভবিষ্যতে আর সেই ভুল করবেন না।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের শেষ অংশ থেকে শুরু করতে চান তিনি। মন্ত্রী শেষের দিকে একটি আবেদন জানিয়েছেন। বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যেভাবে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশকে সবাই মিলে এগিয়ে নিতে হবে। এ অনুভূতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিতপূর্ণ কিছু কথা বলেছেন এবং তাকেও উদ্ধৃত করেছেন। বলেছেন, সীমান্তের ওপার থেকে সুরসুরি দেওয়া হচ্ছে। এ বিষয়ে তিনি একমত। তবে এমন কথাও রয়েছে যে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের বোঝাপড়া হয়েছে। এই সুরসুরির পেছনে ওই দলের কোনো সম্পর্ক আছে কি না, তা পরিষ্কার করার আহ্বান জানান তিনি।

জামায়াতের আমির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি সরকারের নিয়োজিত জামায়াতবিষয়ক ২৪ ঘণ্টার সচিব মর্যাদার একজন ব্যক্তিকে ইঙ্গিত করে থাকেন, তাহলে স্পষ্টভাবে বলতে চাই, বিষয়টি তারা চ্যালেঞ্জ করেছিলেন। বলেছিলেন, এর প্রমাণ উপস্থাপন করতে।

তিনি বলেন, বিষয়টি অন্যভাবে বলতে গেলে বলতে হয়, ‘ঠাকুরঘরে কে রে, আমি কলা খাই না।’ যারা এসব কথা বলছেন, ঠাকুরঘরে তারাই বসে আছেন। তারা আত্মগোপনে আছেন। বিষয়টি গোপন নয়, প্রকাশ্য।

বর্তমান রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, অত্যন্ত বিনয় ও শ্রদ্ধার সঙ্গে বলতে চাই, বর্তমান রাষ্ট্রপতি মহোদয়ও প্রকাশ্যে এ ধরনের কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন, ‘তোমাদের সব দরজা খুলে দেবো, তোমাদের সব মামলা তুলে নেবো।’ জামায়াত তো এসব কথা বলেনি।

তিনি বলেন, তাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। ১২ আগস্টের একটি সংবাদ সম্মেলনের প্রসঙ্গ তুলে বলা হয়েছে, তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু ওই ২২ মিনিটের বক্তব্যে একবারও, এমনকি স্বপ্নেও তিনি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি। সেই ভিডিও এখনো রয়েছে, যে কেউ চাইলে দেখে নিতে পারেন।

ডা. শফিকুর রহমান বলেন, একজন ব্যক্তি ২৪ ঘণ্টা তাদের পেছনে খেদমত দিয়ে যাচ্ছেন। তাকে কোনো বেতন বা মজুরি দিতে পারছেন না বলে দুঃখিত। ওই ব্যক্তি সন্ধ্যায় একটি কথা বলেন, রাতে আরেকটি বলেন, পরদিন সকালে আরেকটি বলেন, দুপুরে আরেকটি বলেন। এভাবেই তিনি কাজ চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, এ ধরনের একজন ব্যক্তিকে উদ্ধৃত করে যদি তাদের ইঙ্গিত করা হয় যে তারা কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসেছেন, তাহলে আজ এই ৩০০ সদস্যের বন্ধুদের সঙ্গে বসবেন। এজেন্সির সঙ্গে বসার কোনো প্রশ্নই ওঠে না।

তিনি আরও বলেন, বরং তাদের বিরুদ্ধে যারা এসব অভিযোগ করছেন, তারাই দেশে-বিদেশে এজেন্সির সঙ্গে বসেছেন। এজেন্সির দেশে গিয়ে তাদের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেছেন। প্রকাশ্যে বলেছেন, তাদের দলের অতীতের নীতি ভুল ছিল এবং ভবিষ্যতে আর সেই ভুল করবেন না। এগুলো তাদের প্রকাশ্য বক্তব্য। তাই মেহেরবানি করে নিজেদের চেহারা আয়নায় দেখাই উত্তম হবে।

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, মাদক নির্মূল হোক, এটা তারা চান। তবে এই সংসদে মাদক নিয়ন্ত্রণের কথা পাস হয়েছে। প্রশ্ন হচ্ছে, মাদক নিয়ন্ত্রণ করবে কারা? যারা নিজেরাই ধান খায়, তারা রক্ষা করবে কীভাবে?

তিনি বলেন, এই সংসদের একজন সিনিয়র সদস্য বলেছেন, আগে ফ্যাসিস্টরা মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত, এখন তাদের দলের কিছু নেতা মাদক নিয়ন্ত্রণ করেন। এই বক্তব্য সংসদের একজন সদস্য দিয়েছেন।

তিনি আরও বলেন, দেশের ভেতরে মাদক নিয়ন্ত্রণের আগে এর প্রবেশ বন্ধ করা দরকার। এই সংসদের আরেকজন সিনিয়র সদস্য বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান যায়।

ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দল এসব কথা বললে বলা হবে, বিরোধিতার খাতিরে বিরোধিতা করা হচ্ছে। তাই বিরোধী দলের পক্ষ থেকে কিছু না বলে সরকারি দলের সংসদ সদস্যদের বক্তব্যই তাদের সামনে তুলে ধরছেন তিনি।

বক্তব্যের শেষ দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানের প্রসঙ্গে ফিরে জামায়াতের আমির বলেন, এই জাতিকে আর ফ্যাসিবাদীদের যন্ত্রণায় ফেলে দেওয়া ঠিক হবে না। কার দুর্বলতায় কতটুকু তারা আশকারা পাচ্ছে, সেই বিচার জনগণের হাতে ছেড়ে দিতে হবে।

তিনি বলেন, ভবিষ্যতে সংসদে যেসব কথা বলা হবে, সেগুলোর ওপর যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, সেটাই তারা দেখতে চান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ৫২ বছরের রাজনৈতিক জীবনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেই শুনে আসছেন, অতীতের তুলনায় এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে।

তিনি বলেন, এই ভালো হতে হতে এখন আমেরিকাও হতে পারলাম না, ইংল্যান্ডও হতে পারলাম না। সেই বাংলাদেশই রয়ে গেলাম। আমরা বাংলাদেশই থাকতে চাই। অন্য কোনো দেশ হতে চাই না, অন্য কোনো দেশের অধীনতাও স্বীকার করতে চাই না। কারও আধিপত্যবাদ আমরা বরদাশত করব না। তবে বাংলাদেশটা বাংলাদেশের মতো বাংলাদেশ হোক।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের একটি অংশের প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, তিনি হাততালি চেয়েছিলেন। বলেছেন, হত্যাকাণ্ড ২২ থেকে ১২তে নেমে এসেছে। অন্তত এইটুকু উন্নতির জন্য বিরোধী দলের পক্ষ থেকে তাদের প্রশংসা করা দরকার।

তিনি বলেন, তারা হাততালি দেননি বলে স্বরাষ্ট্রমন্ত্রী একসঙ্গে তিনবার হাততালি দিয়েছেন—এক, দুই, তিন। তবে আগামীতে যতটা হাততালি তিনি চাইবেন, ততটাই দেওয়া হবে। সবাই মিলে হাততালি দেবেন, যদি হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নেমে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।