ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

২০২৭ সাল থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠে যুক্ত হচ্ছে এআই

truthexposednews
নভেম্বর ১১, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্সসহ আধুনিক প্রযুক্তিবিষয়ক বিষয় যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এসব পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী।

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি বিষয়ক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের এআইয়ের নৈতিক ব্যবহার, তথ্য যাচাই এবং ডিপফেক শনাক্ত করার বিষয়ও শেখানো হবে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে শিক্ষামন্ত্রী বলেন, এ যুগে ন্যানোটেকনোলজি, রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ বাস্তবতায় সরকার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

সংসদকে শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সাল থেকে শ্রেণিভিত্তিক পাঠ্যক্রমে আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয় ধাপে ধাপে অন্তর্ভুক্ত করা হবে।

ষষ্ঠ শ্রেণিতে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই-সক্ষম টুলস, ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অগমেন্টেড রিয়েলিটি (এআর) ও রোবটিক্স।

সপ্তম শ্রেণিতে থাকবে প্রযুক্তির ব্যবহার, এআই-সক্ষম সার্চ টুলস, জ্ঞান অর্জনে এআইয়ের ব্যবহার, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং বাস্তব জীবনে এআইয়ের প্রয়োগ।

অষ্টম শ্রেণিতে এআই অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, আইওটি, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, নতুন কর্মসংস্থান, রিমোট ওয়ার্ক ও ফ্রিল্যান্সিং থাকবে।

নবম ও দশম শ্রেণিতে এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবটিক্স ও ন্যানোটেকনোলজি থাকবে।

একাদশ ও দ্বাদশ শ্রেণিতে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচিতি, দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার, শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক দিক।

শিক্ষামন্ত্রী বলেন, শুধু এআইয়ের ব্যবহার শেখালেই হবে না, এর মাধ্যমে পাওয়া তথ্য কীভাবে যাচাই-বাছাই করতে হয়, সেটিও শিক্ষার্থীদের শেখাতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদেরও বয়স উপযোগী এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই, ডিপফেক শনাক্তকরণ ও অনলাইন নিরাপত্তা সম্পর্কে ধারণা দেওয়া প্রয়োজন।

এসময় তিনি সিঙ্গাপুরের স্কুল পাঠ্যক্রমের উদাহরণ দেন। তিনি জানান, গত ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেস্কো আয়োজিত ‘ডিজিটাল লার্নিং উইক’-এ বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন। সেখানেও এআইয়ের অপব্যবহার রোধ এবং শিক্ষায় এর দায়িত্বশীল প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

শিক্ষার্থীদের হাতে-কলমে প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে প্রায় ৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তি ল্যাব স্থাপনের পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের এ প্রকল্পের আওতায় ল্যাবগুলোতে এআই, রোবটিক্স, থ্রিডি প্রিন্টিং ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক প্রযুক্তি শেখানোর ব্যবস্থা থাকবে।

এ ছাড়া ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে ‘নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন’ প্রকল্পের আওতায় ১ হাজার ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম, বিজ্ঞান ও কম্পিউটার ল্যাব স্থাপন এবং শিক্ষকদের প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে সরকারের।

সংসদে শিক্ষামন্ত্রীর বিবৃতির পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আগের ডিজিটাল ল্যাব প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। তিনি বলেন, প্রথম পর্যায়ে ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপনে ৩৯৭ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। এসব ল্যাবের বর্তমান অবস্থা ও কার্যকারিতা সরেজমিনে যাচাই করতে তিনি শিক্ষামন্ত্রীকে তার নির্বাচনি এলাকায় যাওয়ার আহ্বান জানান।

জবাবে শিক্ষামন্ত্রী সরকার আইসিটি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ খাতে বাজেটে বরাদ্দ রেখেছে বলে জানান। সংসদ সদস্যের প্রত্যাশা অনুযায়ী সরকার কাজ করছে এবং আগামী দিনে পরিকল্পনাগুলোর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেন শিক্ষামন্ত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।