ঢাকাবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আইন ও পরামর্শ
  6. আন্তর্জাতিক
  7. আবহাওয়া
  8. ইসলাম
  9. কর্পোরেট
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

১৩ হাজার ছিন্নমূল পরিবারকে পুনর্বাসনে গুচ্ছগ্রাম প্রকল্প

truthexposednews
নভেম্বর ১১, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

নদীভাঙনকবলিত ও ছিন্নমূল ১২ হাজার ৮০০ পরিবারকে খাসজমিতে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘সমন্বিত আদর্শগ্রাম’ নামে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্প গ্রহণের প্রক্রিয়া চলছে। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসানের এক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এ তথ্য জানান।

ভূমিমন্ত্রী বলেন, প্রস্তাবিত প্রকল্পে সিলেটের সব উপজেলা অন্তর্ভুক্ত রাখার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে কানাইঘাট ও জকিগঞ্জসহ সিলেট-৫ আসনের নদীভাঙনকবলিত ও ছিন্নমূল মানুষকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, প্রকল্পটির উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পর্যালোচনার পর নাম পরিবর্তন ও নকশা সংশোধনের নির্দেশনা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ‘গুচ্ছগ্রাম-তৃতীয় পর্যায়’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘সমন্বিত আদর্শগ্রাম প্রকল্প’ রাখা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রস্তুত করা তিন ধরনের ঘরের নকশা ও ব্যয় প্রাক্কলন যুক্ত করে ডিপিপি পুনর্গঠন করেছে। এটি বর্তমানে প্রক্রিয়াধীন।

এদিকে, একই সংসদ সদস্যের আরেক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, সুরমা ও কুশিয়ারা নদীর মোহনায় পর্যটনকেন্দ্র স্থাপনের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

তিনি বলেন, বৃহত্তর সিলেটের নদী, হাওর, বন, চা-বাগান ও ধর্মীয় তীর্থস্থান পর্যটনের বড় সম্ভাবনা তৈরি করেছে। ভবিষ্যতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে সুরমা ও কুশিয়ারা নদীতে রিভার ক্রুজ, জেটি ও প্রমোদতরী চালুর পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আরও জানান, দেশের পর্যটনসম্পদের সুরক্ষা ও টেকসই উন্নয়নে বাংলাদেশ পর্যটন করপোরেশন ১৯ হাজার কোটি টাকা ব্যয়ে ৬০টি প্রকল্পের একটি সমন্বিত কর্মপরিকল্পনা নিয়েছে। এতে বৃহত্তর সিলেটের পর্যটন উন্নয়নের প্রস্তাবও রয়েছে।

অন্যদিকে, হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। সিলেট-৫ আসনের সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে তিনি সংসদকে এ তথ্য জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।