প্রধানমন্ত্রীর ডাকা গ্রাম পুলিশের মহাসমাবেশে অংশ নিতে ঢাকায় গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে জামশেদ আলী (৪৮) নামের এক দফাদারের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডের প্রবেশপথে এ ঘটনা ঘটে।
সমাবেশে যোগ দেওয়ার আগমুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামশেদ আলী রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়নের দফাদার।
পরিবারের সদস্য ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সারা দেশের গ্রাম পুলিশের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে শুক্রবার (৬ নভেম্বর) বদরগঞ্জ উপজেলা থেকে মোট ৮৪ জন গ্রাম পুলিশ সদস্য ঢাকার উদ্দেশে রওয়ানা হন। তাদের মধ্যে ছিলেন দফাদার জামশেদ আলীও।
নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে শনিবার সকালে তারা জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রবেশের জন্য অপেক্ষা করছিলেন।
সকাল সাড়ে ৯টার দিকে প্রবেশপথের কাছাকাছি পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামশেদ আলী। মুহূর্তের মধ্যেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসময় আশপাশে থাকা অন্য গ্রাম পুলিশ সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।
ঘটনাস্থলে দায়িত্ব পালনরত বিমান বাহিনীর সদস্যরা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে জরুরি ভিত্তিতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রংপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ঢাকা থেকে নিয়ে আসা হচ্ছে। রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তার জানাজা অনুষ্ঠিত হবে।