ইউরোপজুড়ে বিভিন্ন বিমান সংস্থা বোমা হামলার হুমকি পেয়েছে। এসব হুমকির কারণে অন্তত দুটি বিমানকে নির্ধারিত গন্তব্যের পরিবর্তে অন্যত্র অবতরণ করানো হয়েছে। তবে যুক্তরাজ্য জানিয়েছে, হুমকিগুলো ছিল ‘ভুয়া’।
একযোগে একাধিক বিমানে হামলার হুমকি আসায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সব মিলিয়ে ১৯টি বিমান হামলার হুমকি পেয়েছিল। এর মধ্যে দুটি বিমানকে অন্যত্র অবতরণ করানো হয়। বাকি বিমানগুলো নির্ধারিত গন্তব্যে পৌঁছায়।
এ ছাড়া অন্তত দুটি বিমান হুমকির কারণে উড্ডয়ন করেনি। পরে সেগুলোতে পুলিশ তল্লাশি চালায়। তবে এখন পর্যন্ত হুমকি পাওয়া কোনো বিমানেই বোমার অস্তিত্ব পাওয়া যায়নি।
যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইদি আলেক্সান্ডার বলেছেন, ইউরোপজুড়ে বিমানগুলো ‘ভুয়া হামলার হুমকির’ শিকার হয়েছে। তিনি বলেন, “আমরা জানতে পেরেছি, ইউরোপের স্বল্পসংখ্যক বিমান এ হুমকির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।”
এ ধরনের ভুয়া হুমকি মোকাবিলায় প্রচলিত নীতি ও পদ্ধতি অনুসরণ করা হয়েছে বলেও জানান তিনি।
বিবিসি জানিয়েছে, চলতি সপ্তাহে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমন হুমকির কারণে ইউরোপে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছে।
এদিকে কোনো বিমান সংস্থা হামলার হুমকি পেলে সেটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয় এবং পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে।
সূত্র: বিবিসি